খাগড়াছড়ির মহালছড়িতে র্যালি, আলোচনা সভা ও ব্যবহারিক অনুশীলনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এতে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে শিশুদের সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব বোঝানো হয়।
“হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে মহালছড়ি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুপম শীল। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রহমত উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।
আলোচনা সভায় বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক নিয়ম হাতে-কলমে প্রদর্শন করা হয়। এ সময় শিশুদের মাঝে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরে হাত ধোয়ার সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।












