খাগড়াছড়ির রামগড়ে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, চাঁদাবাজির রশিদ বই ও নগদ টাকাসহ সুপায়ন মারমা (৫০) নামের ইউপিডিএফের (প্রসীত গ্রুপের) এক চাঁদাবাজকে আটক করা হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার প্রেমতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) জোন কমান্ডারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটক হওয়া সুপায়ন মারমা লক্ষ্মীছড়ি উপজেলার মরমছড়ি গ্রামের মৃত রেদাচাই মারমার ছেলে। তার সাংগঠনিক নাম ‘সত্য’ বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি গান, দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি চাঁদা আদায়ের রশিদ বই, নগদ ১ হাজার ৩১৯ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনার পর রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











