খাগড়াছড়ির মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে সাড়ম্বরে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’।
শনিবার (৭ নভেম্বর) মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাঞ্চ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব আলোকপাত করে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত পুনর্গঠনে এই দিনটি অতীব তাৎপর্যপূর্ণ। বক্তারা জাতীয় ঐক্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।















