রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। সোমবার (১৮ মে) রাতে উপজেলার উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তবে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় রাত আনুমানিক ৯টার দিকে নায়েব সুবেদার মোঃ আবুল কালামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উগলছড়ি ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজন চোরাকারবারিকে মাথায় প্লাস্টিকের বস্তা নিয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি।
টহল দলের উপস্থিতি টের পেয়েই চোরাকারবারিরা ধাওয়া খেয়ে হাতের বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ‘ESSE Lights’ ব্র্যান্ডের ৩০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন, “সম্প্রতি চোরাকারবারিরা অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করছে। তবে আমাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক টহল জোরদার রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, বিজিবির কঠোর নজরদারির কারণে চোরাচালানকারীরা চাপে থাকলেও দুর্গম সীমান্ত এলাকা দিয়ে এখনো অবৈধ পণ্য পাচারের চেষ্টা চলছে। সীমান্তে এই নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।










