পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ জুন) বিকাল ৩টায় রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ, মসজিদ প্রাঙ্গণ এবং স্থানীয় জনসাধারণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। একই সাথে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতামূলক প্রচারণা চালান সংগঠনের নেতাকর্মীরা।
রাঙ্গামাটি জেলা সভাপতি মো: রবিউল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো: ইরফানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মোঃ মমিনুল হক। এছাড়া অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, “বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। পরিবেশ দূষণ রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তারা দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।
রাঙ্গামাটি জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, লাগানো গাছের সঠিক পরিচর্যার মাধ্যমেই এই কর্মসূচির প্রকৃত সফলতা নিশ্চিত হবে। পরিবেশ রক্ষায় তারা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার এই প্রত্যয় এবং বৃক্ষরোপণ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।



















