খাগড়াছড়ির গুইমারা রিজিওনের আওতাধীন সিন্দুকছড়ি জোনে সেনাবাহিনীর সাথে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র সন্ত্রাসীদের এক সংঘাতের ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের গুইমারা উপজেলা সংগঠক ঝিমিত চাকমা গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা আকস্মিক গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইউপিডিএফের গুইমারা উপজেলার অন্যতম প্রধান সংগঠক ঝিমিত চাকমাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে সেনাবাহিনী।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, তাজা গোলাবারুদ এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। গুলিবিদ্ধ আটককৃত ঝিমিত চাকমাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



















