পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাঙামাটি শহরের বনরুপা আল আমিন ইসলামিয়া ফাজেল মডেল ডিগ্রি মাদ্রাসায় জমকালো এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে এই সবুজায়ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা ঘটে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন ইসলামিয়া ফাজেল মডেল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে বলেন—পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এবং প্রকৃতিকে ভালোবাসতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সেন্টারের চেয়ারম্যান এডভোকেট মোখতার আহমেদ। জলবায়ু পরিবর্তনের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বৃক্ষরোপণ এখন আর কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এই সবুজ আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা জোর দিয়ে বলেন, গাছ শুধু প্রকৃতির শোভা বাড়ায় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে। তাই চারা রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যার ওপরও সমান গুরুত্ব দিতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলদ ও বনজসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল আলীম,রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক,মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মনসুরুল হক এবং অভিভাবক জাহাঙ্গীর আলম,সহকারী অধ্যাপক মাওলানা ইসমাঈল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক কাকলি আক্তার এবং সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মোনাফসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে শেষ হয় এবং সমাপনী বক্তব্যে পরিবেশ সুরক্ষায় সবাই সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



















