দুর্গম পাহাড়ি জনপদে আর্তমানবতার সেবা, চিকিৎসাসেবা প্রদান এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে নানা কল্যাণমুখী উদ্যোগ নিয়েছে মাটিরাঙা জোন (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)।
পার্বত্য জেলার অবহেলিত ও দুর্গম পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় পরিচালিত হয়েছে দিনব্যাপী বহুমুখী কল্যাণমূলক কার্যক্রম।
মঙ্গলবার সকালে মাটিরাঙা জোনের আওতাধীন দুর্গম গণচন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বিশেষ মানবিক কর্মসূচি। কর্মসূচির শুরুতেই পাহাড়ের দুর্গম এলাকার প্রায় দুই শতাধিক দুঃস্থ, অসহায় ও প্রান্তিক নারী-পুরুষ ও শিশুর মাঝে বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন মাটিরাঙা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় পাহাড়ি পরিবারগুলো।
চিকিৎসাসেবার পাশাপাশি বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে আয়োজন করা হয় এক বিশেষ রচনা প্রতিযোগিতার। প্রতিযোগিতা শেষে সেরা ছয়জন বিজয়ী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। এছাড়া বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী এবং খেলাধুলার নানা সরঞ্জাম বিতরণ করা হয়।
পাহাড়ি যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারার ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। মাটিরাঙা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি-র নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি ফুটবল কাপ টুর্নামেন্ট’-এর প্রস্তুতিমূলক আলোচনা সভা। জানা গেছে, আগামী ১৯ আগস্ট শুরু হবে এই টুর্নামেন্টের জমজমাট উদ্বোধনী ম্যাচ।
এ বিষয়ে মাটিরাঙা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খাঁন, পিএসসি জানিয়েছেন— পাহাড়ে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে মাটিরাঙা জোন নিয়মিত এমন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছে। পার্বত্য অঞ্চলের অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও আর্তমানবতার সেবায় সেনাবাহিনীর এই কল্যাণমুখী ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















