মানিকছড়ি চেকপোস্টে পুলিশের বিশেষ অভিযানে রাউজান থেকে আসা এক ব্যক্তি আটক; মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বজায় রাখার ঘোষণা জেলা পুলিশের।
রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ প্রদীপ পাল (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল এই সফল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন মানিকছড়ি পুলিশ চেকপোস্ট সংলগ্ন রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের চট্টগ্রামগামী পাকা রাস্তায় চেকপোস্ট বসানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ প্রদীপ পালকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত প্রদীপ পাল চট্টগ্রামের রাউজান থানার ৯ নম্বর ওয়ার্ডের কুলালপাড়া, কেউটিয়া, নাতোয়ান বাগিছা এলাকার নিপুর পালের ছেলে। তার মাতার নাম নিতিমা @ নিতামা পাল এবং স্ত্রীর নাম সুপ্রিয়া রুদ্র।
এ ঘটনায় রাঙ্গামাটি কোতয়ালী থানায় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে রাঙ্গামাটি জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




















