রাঙামাটি শহর থেকে মানিকছড়ি পর্যন্ত সংযোগ সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করেছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।
রবিবার (১৬ আগস্ট) সকালে তিনি নিজে হেঁটে সড়কের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন এবং বর্তমান বেহাল দশা ও নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) রাঙামাটির উপ-প্রকৌশলী রনেল চাকমা।
পরিদর্শনকালে এমপি দীপেন দেওয়ান সড়কটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করার জন্য সওজ প্রকৌশলীকে কড়া নির্দেশনা দেন। সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্ট কতৃপক্ষের উপস্থিতিতে স্থানীয় এই সড়কটির চলমান পরিস্থিতি ও সংস্কার প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুতই এসব পয়েন্টে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রকৌশলগত পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।




















