খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে এসএসসি ও বৃত্তিপ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে অনন্য এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত হলো কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান।
রবিবার সকালে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি। এ সময় মহালছড়ি উপজেলার একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী টুম্পা চাকমাকে এইচএসসি পর্যন্ত পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই এবং ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের ১০ জন কৃতি শিক্ষার্থী এবং ৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার আগ্রহ বাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরীসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের মাধ্যমেও পুরস্কার তুলে দেওয়া হয়। সেনাবহিনীর এমন মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
বিতরণ অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রায় ৭০ জন ছাত্রীকে নিয়ে আয়োজন করা হয় বিশেষ স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেশন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এই ধরনের কল্যাণমুখী উদ্যোগ শুধু শিক্ষাপ্রসারই নয়, বরং পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও বেশি বেগবান করবে।




















