পার্বত্য চট্টগ্রামে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে হাতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ। ‘পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় খাগড়াছড়ির লক্ষীছড়িতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে ৫০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা।
রোববার (১৬ আগস্ট) সকালে লক্ষীছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা বনকেন্দ্রের আয়োজনে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই জাতীয় লক্ষ্যের অংশ হিসেবেই লক্ষীছড়িতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বনকেন্দ্র কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।তবে শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; বরং প্রতিটি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।




















