রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কাপ্তাই উপজেলার কৃতি সন্তান উথোয়াইমং মারমা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। এই খবরে কাপ্তাইয়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বইছে আনন্দের বন্যা।
বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় উথোয়াইমং মারমাকে। তিনি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির পাশাপাশি চিৎমরম ইউনিয়নসহ কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে তার সুদৃঢ় সামাজিক ও রাজনৈতিক যোগাযোগ রয়েছে। তার এই অর্জনে স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী এবং নানা শ্রেণি-পেশার মানুষ তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, পার্বত্য জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মে থেকে উথোয়াইমং মারমা কাপ্তাইসহ পুরো রাঙামাটি পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা এবং সার্বিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এক অনন্য ও গতিশীল ভূমিকা রাখতে সক্ষম হবেন। এলাকার মানুষের সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততা এবং অভিজ্ঞতা এই দায়িত্ব পালনে বিশেষ সহায়ক হবে বলেই মনে করছেন স্থানীয়রা।




















