গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বিশেষ চেকপোস্ট বসিয়ে চলছে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি; অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুলিশের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বিশেষ চেকপোস্ট
মাদকমুক্ত রাঙ্গামাটি গড়ার প্রত্যয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম জোরালোভাবে অব্যাহত রয়েছে। এই অভিযানের ৫ম দিনে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় জেলার প্রতিটি থানায় এই বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চেকপোস্টগুলোতে বিভিন্ন যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে তল্লাশি করা হচ্ছে। মূলত মাদকদ্রব্য শনাক্তকরণ এবং এর অবৈধ পরিবহন ও বেচাকেনা পুরোপুরি প্রতিরোধ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ছাড়াও সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র এবং কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে রাঙ্গামাটি জেলা পুলিশ। সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি অপরাধমুক্ত ও মাদকমুক্ত রাঙ্গামাটি উপহার দিতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।




















