মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির কাপ্তাইয়ে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় চন্দ্রঘোনা ইউনিয়নের সিনেমা হল ও বারঘোনিয়া এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম (পিপিএম) এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল-এর নেতৃত্বে র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেমা হল চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
অংশগ্রহণকারীরা হাতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, মাদক কেবল ব্যক্তি বা পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম (পিপিএম) কঠোর হুশিয়ারি দিয়ে বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। তবে সমাজকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের কর্মকর্তা আসিফ মাইনুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম, সিবিএ প্রতিনিধি মো. মুসাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।




















