মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণ করলেই কেবল ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। রাঙামাটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই কথা বলেন বক্তারা।
সকালে রাঙামাটি শহরের বনরূপা আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে এই পবিত্র অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনিমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ের নৈতিক অবক্ষয় রোধ ও সামাজিক সমস্যা দূর করতে শিক্ষার্থীদের মাঝে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ব্যাপকভাবে প্রচার করতে হবে।
সভাপতির বক্তব্যে আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা-মা ও শিক্ষকদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম ও সহকারী অধ্যাপক মো. আব্দুল আলীম।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




















