খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ব্যবস্থাপনায় একটি মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জোন সদরে আয়োজিত এই সভায় পাহাড়ের সার্বিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ সভার কার্যক্রম শুরু করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার পাহাড়ি অঞ্চলের বিভিন্ন সমসাময়িক চ্যালেঞ্জ ও এর প্রতিকার নিয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে সড়ক দুর্ঘটনা রোধ, সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা, অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধ করা, অবৈধ কাঠ পাচার রোধ, বাজারের অনিয়ম দূরীকরণ এবং মাদকদ্রব্য ও চোরাচালান দমনের ওপর কঠোর বার্তা দেন। পাশাপাশি খুন, গুম, অপহরণ, যানবাহনের এলইডি লাইটজনিত দুর্ঘটনা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরে সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি শিক্ষার প্রসারের পাশাপাশি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর নাম ভাঙিয়ে কোনো কুচক্রী মহলের অপপ্রচারের ব্যাপারে সর্বসাধারণকে সতর্ক ও সচেতন থাকার কঠোর আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় গুইমারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্জুন নাথ, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম (সোহাগ), মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, গচ্ছাবিল হেডকোয়ার্টার আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ফরিদা পারভিন সুলতানা,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন এবং গুইমারা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আলীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি (চেয়ারম্যান, মেম্বার), হেডম্যান, কারবারি, সাংবাদিক এবং গুইমারা ও মানিকছড়ি থানার পুলিশ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




















