পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২৯৮ নং আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আঞ্চলিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সংসদ সদস্যের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর কেন্দ্রীয় চেয়ারম্যান আবদুল হামিদ রানার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পাহাড়ে স্থায়ী শান্তি বজায় রাখা, জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পিসিএনপি নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন জনহিতকর ও সামাজিক সমস্যা সমাধানের লক্ষে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পার্বত্য অঞ্চলের শান্তি, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এলাকার সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং জনকল্যাণমুখী প্রতিটি উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং পাহাড়ি অঞ্চলে টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।




















