রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে পাহাড়ি ঢলে মর্মান্তিক মৃত্যুর শিকার ধলমনি চাকমার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মানবিক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়। সদর উপজেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম।
বাইট (প্রধান অতিথি – সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম)।
”ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো সংকটময় পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাপ্পি চাকমা এবং মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা।
এ সময় মগবান ইউপি চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা দুর্গত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনগুলোকেও এভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।




















