রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নানিয়ারচর মৌসুমী ফল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। রবিবার (৩০ আগস্ট) জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। এ সময় নানিয়ারচরের ফল ব্যবসার বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়গুলো চেয়ারম্যানের সামনে তুলে ধরা হয়।
ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, পাহাড়ি অঞ্চলের উৎপাদিত মৌসুমী ফল আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নানিয়ারচরের ফলের বাজার সম্প্রসারণ এবং ফলচাষিদের সার্বিক উন্নয়নে জেলা পরিষদ সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে। স্থানীয় কৃষকদের উৎপাদিত ফলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপরও তিনি জোরালো গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় নানিয়ারচর মৌসুমী ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সেলিম, এবং সদস্য মো. জাহাঙ্গীর ও মো. মিলনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















