উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রামগড় উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রামগড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি ‘রামগড় শিল্পী কমিউনিটি সেন্টার’-এর সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে দলটির বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া (মিঠু), পৌর বিএনপি সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মো. সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীম প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের হাতে গড়া দলটির ইতিহাস তুলে ধরে বলেন, “তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিলেন।এ সময় তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে দলকে আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।




















