খাগড়াছড়ির মানিকছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, সমাজ থেকে অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদক নির্মূলের শপথ, আলোচনা সভা এবং ৪৮টি গাছের চারা রোপণ করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক মীর হোসেনের নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রাটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক হয়ে মহামুনি এলাকা প্রদক্ষিণ করে মানিকছড়ি বাজার সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয় এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে সমাজ থেকে অনিয়ম, দুর্নীতি, জুয়া ও মাদক চিরতরে দূর করার শপথ বাক্য পাঠ করানো হয়। পরে পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ হিসেবে ৪৮টি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন—সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছিলেন। বিএনপির আদর্শ ধারণ করে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি সমাজে চলমান অনিয়ম, দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে উপজেলা বিএনপি ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।




















