ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৬ সেপ্টেম্বর (রবিবার) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র র্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার জনাব নূর পেয়ারা বেগম-এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের ওপর এককভাবে নির্ভর না করে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা টায়ারে জমে থাকা পানি নিয়মিত ফেলে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা তুলে ধরে বলা হয়, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা অত্যন্ত জরুরি।
উক্ত র্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আতাউর রহমান চৌধুরী,নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান
নানিয়ারচর মডেল থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম,জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ জুলফিকার আলী,উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




















