রাঙ্গামাটিবাসীর জন্য এক স্বস্তির ও আনন্দের খবর নিয়ে এলো জেলা পুলিশ। বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব সেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া সাধের ফোনটি হাতে পেয়ে ভিকটিমদের অনেকের চোখেই ছিল আনন্দের ঝিলিক। আনন্দ প্রকাশ করে তারা বলেন, ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিংসিলেন, কিন্তু জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় আজ সেটি সম্ভব হয়েছে। তারা পুলিশ সুপারসহ পুরো সাইবার ক্রাইম টিমের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশের এই মহতী উদ্যোগকে সফল করতে নেপথ্যে কাজ করেছে একটি চৌকস দল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন,সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এইচ.এম. মাহমুদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে অঙ্গীকারবদ্ধ”—এই স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও প্রযুক্তিগত সহায়তায় নিয়মিত এমন যুগোপযোগী ও প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।




















