মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দিতে রাঙ্গামাটির লংগদু উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলা।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে লংগদুর বাইট্টাপাড়া বাজারের ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তর সংলগ্ন মুক্তা মার্কেটে এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাইট্টাপাড়া বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় মোট ১৬টি দল অংশ নেয়।
আয়োজকদের সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছিল এবং ৩৯ পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে যেকোনো ধরনের স্ট্রাইকার ব্যবহারের নিয়ম ছিল। জমজমাট গ্রুপ পর্ব ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় চৌধুরী গ্রুপ ও আকাশ গ্রুপ। রোমাঞ্চকর এই ফাইনালে আকাশ গ্রুপকে পরাজিত করে চৌধুরী গ্রুপ জুটি বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টের আয়োজকরা বলেন,মাদকের ছোবলে আজ যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীরা বন্ধু মহলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।
















