পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি ও বাঙালি তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি দক্ষতায় গড়ে তুলতে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে শুরু হয়েছে ‘মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬’।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নানিয়ারচর জোন সদরে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কোর্সে ১৪ জন বাঙালি ও অ-বাঙালি তরুণ অংশগ্রহণ করছেন।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় এবং জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর শেখ মোহাম্মদ নাঈম বলেন, “শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ অঞ্চলের টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি। কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে তরুণরা যেমন নিজেদের আত্মনির্ভরশীল করতে পারবে, তেমনি পাহাড়ি ও বাঙালি তরুণদের এই যৌথ অংশগ্রহণ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।
উদ্যোক্তারা জানান, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। তাই মোবাইল সার্ভিসিংয়ের মতো বাস্তবমুখী কারিগরি শিক্ষা ভবিষ্যৎ জীবনে তরুণদের কর্মসংস্থানের বড় ক্ষেত্র তৈরি করতে পারে। প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মোবাইল ফোনের বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ ও প্র্যাকটিক্যাল মেরামতের ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে নানিয়ারচর জোনের পক্ষ থেকে বিনামূল্যে প্রফেশনাল মোবাইল সার্ভিসিং টুলস ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।
এ সময় নানিয়ারচর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও প্রশিক্ষণার্থীরা।




















