রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ২২১ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন সাপছড়ি ইউনিয়ন এলাকায় এই সফল অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন এবং এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল সাপছড়ি এলাকায় চেকপোস্ট ও বিশেষ নজরদারি চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে আটক করে।
অভিযানে গ্রেফতারকৃত পাঁচ মাদক কারবারি হলেন—খাগড়াছড়ির গুইমারা থানার সিন্দুকছড়ি ইউনিয়নের সনেন্দ্র ত্রিপুরা (৪২),রাঙ্গামাটি শহরের মহসীন কলোনির মো. নুরুল ইসলাম (৬৮),সিন্দুকছড়ির হপেন ত্রিপুরা প্রকাশ সুজন (২১),ধনী ত্রিপুরা (৩০),এবং গোপন ত্রিপুরা প্রকাশ রাসেল (২৩)।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ—অর্থাৎ ২২১ লিটার দেশীয় চোলাইমদ। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত গাড়িটি জব্দের পাশাপাশি আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র এবং কিশোর গ্যাংসহ সকল অপরাধ দমনে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা রক্ষার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















