পার্বত্য জনপদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও শিল্পচর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো জুম কালচারাল সেন্টারের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। একই সাথে অনুষ্ঠানে নানিয়ারচর গ্রন্থাগার কাম সাংস্কৃতিক একাডেমির ২০২৫ সেশনের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও মেধাক্রেস্ট বিতরণ করা হয়।
বুধবার সন্ধ্যায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয়। জুম কালচারাল সেন্টারের সহ-সভাপতি মহাবীর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক সচিব চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুম কালচারাল সেন্টারকে এমন চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের একটি বৈচিত্র্যময় ও সুন্দর ‘রেইনবো নেশন’ গড়তে সাহায্য করবে। সংস্কৃতির চর্চার মাধ্যমেই আমাদের স্বকীয়তা ও ঐতিহ্য পূর্ণাঙ্গভাবে প্রকাশ পায়। পরে তিনি এমন আয়োজন আরও বড় পরিসরে করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান এবং অনুষ্ঠানে ব্যক্তিগত পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার রনজিৎ দেওয়ান, রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক সংযুক্তা চাকমা, জিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুভাষ চন্দ্র চাকমা এবং নানিয়ারচর গ্রন্থাগার কাম সাংস্কৃতিক একাডেমির পরিচালক তপন জ্যোতি চাকমা। মুন চাকমা ও রিগেন চাকমার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংস্কৃতিক কর্মী ও শিল্পানুরাগীরা অংশ নেন।
আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা ২০২৫ সেশনের কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও মেধাক্রেস্ট তুলে দেন। এর আগে প্রধান অতিথি শিল্পকলা একাডেমিতে পৌঁছালে জুম কালচারাল সেন্টার ও নানিয়ারচর গ্রন্থাগার কাম সাংস্কৃতিক একাডেমির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ একক ও দলীয় সংগীত এবং নৃত্য পরিবেশন দর্শকদের বিমোহিত করে।













