দিনব্যাপী নানা কর্মসূচি, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে ৩৫ আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি আনসার ব্যাটালিয়ন (৩৫ বিএন)-এর ‘রাইজিং ডে’ বা প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে এই বিশেষ দিনটি পালন করে ব্যাটালিয়নটি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফজরের নামাজের পর দোয়া মাহফিলের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর ব্যাটালিয়ন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ইউনিট পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াগ্গাছড়া, বিলাইছড়ি, কাপ্তাই ও জীবতলী জোনের জোন কমান্ডারগণসহ সেনাবাহিনী, বিজিবি, আনসার-ভিডিপি এবং উপজেলা প্রশাসনের শীর্ষস্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিনব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণগুলোর মধ্যে ছিল— মহাপরিচালক মহোদয়ের অনলাইন দরবার, পায়রা অবমুক্তকরণ, সাফল্য ও অর্জনের প্রতিবেদন পাঠ, প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথিদের মূল্যবান বক্তব্য, সম্মাননা স্মারক প্রদান এবং কেক কাটা। এছাড়াও মধ্যাহ্নভোজ, আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ী উভয়ের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজনে ব্যাটালিয়ন সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব সম্পন্ন হয়।













