পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে সংবর্ধনা জানিয়েছে নানিয়ারচর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি যাওয়ার পথে নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সংবর্ধনা অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে বক্তারা বলেন, পাহাড়ি এই জনপদের সার্বিক উন্নয়নে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অতিথিদ্বয় এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, জেলা পরিষদ সদস্য ফারুক আহমেদ সাব্বির।
এছাড়াও যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন ও পলাশ হোসেন, ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ, মহিলা দলের সভানেত্রী বিলকিস বেগম, ওলামা দলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও সহ-সভাপতি হাফেজ হাসানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।













