পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙামাটি সদর জোনের উদ্যোগে সম্পন্ন হলো ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার রাঙামাটি সদর জোন কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহা. একরামুল রাহাত, পিএসসি। তিনি সফল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
এবারের এই বিশেষ প্রশিক্ষণে বাঙালি ও অ-বাঙালি জনগোষ্ঠীর মোট ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে তাদের কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্রাউজিং এবং দৈনন্দিন জীবনে আইটির ব্যবহার সম্পর্কে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হতে হবে। এই ধরনের উদ্যোগ পাহাড়ি ও বাঙালি যুবকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি এবং ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজমসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই কল্যাণমুখী উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন।













