খাগড়াছড়ির লক্ষীছড়িতে দুর্গম পাহাড়ি এলাকার জনগণের জন্য স্বাভাবিক প্রসবকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ক ধাত্রী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অদ্য মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) লক্ষীছড়ি জোন কমান্ডারের সার্বিক ব্যবস্থাপনায় ও লেঃ কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি (জোন কমান্ডার, লক্ষীছড়ি জোন)-এর উপস্থিতিতে উপজেলা অডিটোরিয়াম ভবনে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে বিশেষ উপহার ও চিকিৎসা সরঞ্জাম হিসেবে ব্যাগ, পুনঃব্যবহারযোগ্য গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডবুক, অ্যাপ্রোন এবং ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল দুর্গম পাহাড়ি অঞ্চলের স্থানীয় নারীদের স্বাভাবিক প্রসবকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা এবং প্রসবকালীন প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীরা প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী নারীদের জরুরি স্বাস্থ্যসেবা ও সঠিক সহযোগিতা প্রদানে আরও বেশি সক্ষম হয়ে উঠবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি হ্রাস করা এবং স্থানীয় পর্যায়ে দক্ষ স্বাস্থ্য সহায়তাকারী তৈরি করতে লক্ষীছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জোন কর্তৃপক্ষ।













