সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির অনুরোধে সাজেক পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি ৬ দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে আগামীকাল ১৬ অক্টোবর থেকে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক পর্যটন সড়কে যানবাহন চলাচলে কোনো বাধা থাকছে না।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, ১৬ অক্টোবর থেকে দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। সাজেক মাচলং বাজারেও প্রতিবছরের মতো এবারও এই পূজার আয়োজন করা হয়েছে। সাজেক মাচলং বাজার পূজা উদযাপন কমিটি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অবরোধ স্থগিতের আবেদন জানালে, ধর্মীয় উৎসবের প্রতি শ্রদ্ধা ও সম্প্রীতির বার্তা দিতে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সংগঠন দুটি।
প্রেস বিজ্ঞপ্তিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা জানান, সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থেই মূলত এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এটি কোনো রাজনৈতিক দল কিংবা কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধে নয়।
নেতৃবৃন্দ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সাজেকবাসীর যৌক্তিক তিন দফা দাবি/শর্ত বাস্তবায়নে প্রশাসন যেন কালক্ষেপণ না করে। অন্যথায় দুর্গোৎসব শেষ হওয়ার পর পুনরায় রাজপথে একই কর্মসূচি নিয়ে ফেরা হবে।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা দ্রুত দাবি বাস্তবায়নের মাধ্যমে সাজেক এলাকায় একটি স্থায়ী ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জোর দাবি জানান।



















