খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ঢলু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম ও খেলাধুলার সরঞ্জাম তুলে দিল নয়াবাজার আর্মি ক্যাম্প; পাহাড়ি জনপদে শান্তি ও সম্প্রীতির বার্তা।
পাহাড়ে দুর্গম পথ পেরিয়ে শিক্ষার আলো পৌঁছে দিতে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ঢলু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসাহব্যঞ্জক শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) লক্ষ্মীছড়ি জোনের অধীনস্থ নয়াবাজার আর্মি ক্যাম্পের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মনির হোসেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ৯ জন শিক্ষক এবং ১২৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পাহাড়ি এলাকার কোমলমতি শিশুদের পড়াশোনার প্রতি স্পৃহা বাড়াতে এবং তাদের ঝরে পড়া রোধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে আধুনিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সবলভাবে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই সেনাসদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছেন।
লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল ত্রাণ বা সহায়তা নয়; বরং দায়িত্বপূর্ণ এলাকার শিক্ষার মানোন্নয়ন, স্থানীয় সাধারণ মানুষের কল্যাণ এবং পাহাড়ের দীর্ঘস্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনীর এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













