বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাইয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero)। কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাইয়ের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই সংবাদের সম্পাদক ও প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য চৌধুরী রিপন এবং শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধুলে জীবাণুর সংক্রমণ এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব।
তাঁরা শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি পালনের মাধ্যমে শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।












