রাঙামাটি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতোয়ালী থানা পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, প্রতারক ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ।
অভিযানে ২০ লিটার চোলাইমদসহ প্রীতি লাল চাকমা (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মজিবুর রহমান (৫৬), মো. জয়নাল (২৮), মো. মনির হোসেন (৪০) ও মো. রায়হান আলী (৪০)-কে আটক করা হয়।
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং জিআর পরোয়ানামূলে মোহাম্মদ ইউসুফ (২৬) ও এনায়েত উল্লাহ ওরফে রাসেল (৩০)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া প্রতারণার অভিযোগে সুমন তঞ্চঙ্গ্যা (৩২)-কে আটক করা হয়েছে।
বেসামাল অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ১৭ থেকে ২২ বছর বয়সী তিনজনকে আটক করা হলেও পরে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












