রাঙামাটির বরকল উপজেলার নৌপথে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ বোতল ভারতীয় অবৈধ ‘কেডি-৫০’ (KD-50) হুইস্কি জব্দ করেছে বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, ছোট হরিণা থেকে দুপুর ১টা ৩০ মিনিটে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চ বরকল নৌপথে পৌঁছালে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগরের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় তল্লাশি চালিয়ে লঞ্চ থেকে ২০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হলেও এর কোনো মালিক বা দাবিদার পাওয়া যায়নি।
এ বিষয়ে বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর স্পষ্ট জানিয়ে দিয়েছেন— মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তাদের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন।
তিনি আরও বলেন, কোনো প্রলোভনে পড়ে লঞ্চযাত্রী কিংবা নৌযানসংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে অবৈধ পণ্য পরিবহনের সঙ্গে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির পাশাপাশি সাধারণ জনগণের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা কামনা করেন তিনি।
সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।












