পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিতকরণে আবারও মানবিক হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার প্রত্যন্ত বার্মাছড়ি এলাকায় কালাই চাকমা নামে এক অসচ্ছল পাহাড়ি পরিবারকে একটি সম্পূর্ণ নতুন মুদি দোকান উপহার দেওয়া হয়েছে। গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে পরিবারটিকে স্বাবলম্বী করতে দোকান নির্মাণসহ ব্যবসা পরিচালনার সব উপকরণ প্রদান করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন বার্মাছড়ি আর্মি ক্যাম্পের নিরাপত্তা বাহিনীর সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমে দোকানটির নির্মাণকাজ সম্পন্ন হয়। দোকানের অবকাঠামো তৈরিতে প্রয়োজনীয় বাঁশ, কাঠ, টিনসহ অন্যান্য নির্মাণসামগ্রী সরবরাহের পাশাপাশি ব্যবসা শুরু করার জন্য চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীও মজুদ করে দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে একদিকে যেমন অসচ্ছল কালাই চাকমার পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা ফিরবে, অন্যদিকে দুর্গম বার্মাছড়ি এলাকার সাধারণ মানুষকে এখন আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য দূর-দূরান্তে যেতে হবে না। তারা নিজ এলাকাতেই সহজে কেনাকাটার সুযোগ পাচ্ছেন।
নিরাপত্তা বাহিনীর এই মহতী উদ্যোগের পর কালাই চাকমার পরিবারসহ স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী গুইমারা রিজিয়ন ও লক্ষ্মীছড়ি জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা জ্ঞাপন করেছেন। স্থানীয়রা জানান, সেনাবাহিনী সব সময়ই পাহাড়ি অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে থাকে এবং এই ধরনের সহায়তা তাদের জীবনযাত্রার মান বদলে দিতে বড় ভূমিকা রাখছে।



















