টানা বর্ষণ আর আকস্মিক পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়িতে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মহালছড়ি সেনা জোন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় বিএনপি। সরকারি ও রাজনৈতিক শক্তির এই যৌথ মানবিক উদ্যোগ দুর্গত এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
গত বুধবার (৯ জুলাই ২০২৬) উপজেলার বিভিন্ন বন্যা ও ঢলে ক্ষতিগ্রস্ত এলাকায় জোরালো ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বানভাসি ও অসহায় পরিবারগুলোর হাতে চাল, ডাল, তেল ও শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন অতিথিরা। একই সাথে ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর নেওয়া হয় এবং যেকোনো দুর্যোগে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে সরাসরি উপস্থিত ছিলেন: লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি (জোন কমান্ডার, মহালছড়ি জোন), মোঃ এরফানুল হক চৌধুরী (উপজেলা নির্বাহী অফিসার, মহালছড়ি), মোঃ আনোয়ার হোসেন (সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি)
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের পরম মানবিক দায়িত্ব। শুধু সরকারি বা সামাজিক উদ্যোগ নয়, বরং সবার সম্মিলিত ও দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ সহযোগিতাই পারে এই দুর্যোগের দুর্ভোগ দ্রুত লাঘব করতে।
হঠাৎ এই সংকটে সেনা জোন, প্রশাসন ও বিএনপির যৌথ উদ্যোগে তাৎক্ষণিক খাদ্যসহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন দুর্গত এলাকার মানুষ। তারা সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


















