খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষে উপজেলা হলরুমে এক বর্ণাঢ্য আলোচনা সভা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সনদ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ছিল—‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’। মহালছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের যুবসমাজ ও তারুণ্যের শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারলে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন:ডাঃ ধনিষ্ট চাকমা, কর্মকর্তা, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,প্রমিত কুমার চাকমা,মহালছড়ি খাদ্য কর্মকর্তা,মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব।
আলোচনা সভা শেষে মহালছড়ি উপজেলায় মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে অনন্য ও বিশেষ অবদান রাখায় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, স্থানীয় সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



















