সরকারি সম্পদের ক্ষতি করে ব্রিজের নিচের মাটি কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারের অপরাধে মাটিরাঙ্গায় এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উত্তোলন করা মাটি দ্রুত আগের স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে তা বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদরের ধলিয়া খালের ব্রিজের নিচ থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দা জনাব হামিদের বিরুদ্ধে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। সেখানে গিয়ে ব্রিজের পাশে বসবাসরত ওই ব্যক্তি সরকারি জায়গা (ব্রিজের নিচ) থেকে নিজের বাড়ির কাজের জন্য মাটি কেটে নেওয়ার সত্যতা দেখতে পান।
ঘটনাস্থলেই অভিযুক্ত হামিদ নিজের অপরাধ স্বীকার করে নেন। এরপর তাকে কড়া নির্দেশ দেওয়া হয়— ২৭ জুলাই সকাল ১১টার মধ্যে উত্তোলিত মাটি ব্রিজের নিচে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে।নির্দেশনা অনুযায়ী আজ দুপুর ১২টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি শ্রমিক নিয়োজিত করে উত্তোলিত মাটি পুনরায় ব্রিজের নিচে আগের স্থানে ভরাট করছেন।
পরবর্তীতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী অপরাধ সংঘটিত করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়। স্থানীয়রা প্রশাসনের এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। সেতু ও পরিবেশের সুরক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


















