খাগড়াছড়ির রামগড় উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামের এক লম্পট শ্বশুরকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে খোদ ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত দেলোয়ার হোসেন রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
ভুক্তভোগী নারীর অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাকে কুপ্রস্তাব ও যৌন নির্যাতন করার চেষ্টা করতেন। সামাজিক লজ্জা, পারিবারিক সম্মান এবং সংসার ভেঙে যাওয়ার ভয়ে ভুক্তভোগী নারী এতদিন বিষয়টি চেপে যান। কিন্তু সমস্ত সীমা লঙ্ঘন করে গত রোববার রাতে অভিযুক্ত শ্বশুর জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এই ঘটনায় মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে নীরবতা ভাঙেন ওই গৃহবধূ। সোমবার দুপুরে তিনি সাহস সঞ্চয় করে রামগড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, “ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। বর্তমানে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।




















