রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬।
রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের লেকে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম-এর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসার মনোয়ার হোসেন-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, কৃষি অফিসার সুমন মিয়া, সাবেক শিক্ষা অফিসার রামেশ্বর শীল, জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির রামগড় উপজেলা শাখার সমন্বয়ক হারুন রশীদ এবং মৎস্য চাষি আনিসুল ইসলামসহ অন্যান্যরা।
সভায় বক্তারা দেশের আমিশ ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন এবং আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, বিভিন্ন এলাকা থেকে আগত স্থানীয় মৎস্য চাষীগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




















