মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ। রামগড় থানার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
রবিবার দুপুরে রামগড় বাজার পুলিশ বক্স সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইপ্লাজা শপিংমলের সামনে গিয়ে শেষ হয়। পরে শাহিন লাইব্রেরির সামনে এক সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম।
প্রধান অতিথি (ইউএনও কাজী মোহাম্মদ শামীম) -বলেন মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। শুধু প্রশাসনিক পদক্ষেপ দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মি. ওবাইন বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। তবে আইন প্রয়োগের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। তাই তরুণ সমাজকে বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।




















