জাতীয় ডাটাবেজ তৈরির মাধ্যমে দেশের নৌপরিবহন খাতকে আরও বেশি সমৃদ্ধ ও নিরাপদ করতে খাগড়াছড়ির মহালছড়িতে শুরু হয়েছে নৌযান শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রম।
বৃহস্পতিবার সকালে মহালছড়ি মৎস্য আহরণ উপ-কেন্দ্রের সামনে উপজেলা পরিসংখ্যান অফিসের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. রিয়াসাদ উদ্দিন। এছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বকুল, মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, সদর ইউনিয়ন চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন এবং জোনাল অফিসার মোঃ এস এম নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আগামী ২৯ আগস্ট পর্যন্ত এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। শুমারির মাধ্যমে দেশের নৌযানের প্রকৃত সংখ্যা, ধরন, ব্যবহার ও মালিকানার সঠিক তথ্য সংগ্রহ করা হবে, যা ভবিষ্যতে নৌপথের ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।




















