ঈমান, আক্বিদা, ঐক্য, খিদমত ও আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে পাহাড়ি জেলা রাঙামাটিতে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী-২০২৬। গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির ব্যবস্থাপনায় এই ঐতিহাসিক আয়োজনকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের পবিত্র জুলুস ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রখ্যাত অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবদুল আলিম রিজভী (মাঃ জিঃ আঃ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. আলী আকবর। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন সংগঠনের সদস্য সচিব মো. শামীম জাহাঙ্গীর।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ ও মানবিক মূল্যবোধ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। আয়োজকদের মতে, বর্তমান সমাজে ঈমান ও আক্বিদা সুদৃঢ় করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং ইসলামের শান্তির বার্তার সঙ্গে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হবে এবারের আয়োজনে।
আলহাজ্ব মো. আলী আকবর (আহ্বায়ক)বলেন: “আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করা। মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের মাধ্যমেই একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন সম্ভব।,মো. শামীম জাহাঙ্গীর (সদস্য সচিব): “জশনে জুলুস কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি মানুষের অন্তরে ঈমান, ভালোবাসা, শৃঙ্খলা এবং মানবসেবার চেতনা জাগ্রত করার একটি চমৎকার মাধ্যম।
আয়োজকদের দৃঢ় বিশ্বাস, ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে রাঙামাটির এই জশনে জুলুস শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং আত্মশুদ্ধির বার্তা আরও সুদূরপ্রসারী করবে।




















