রাঙামাটির তবলছড়ি বাজারের প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদের খোঁজখবর নিলেন নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু; স্থানীয় উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা।
রাঙামাটির তবলছড়ি বাজারে এক অন্যরকম হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু তবলছড়ি বাজারের প্রতিটি দোকান পরিদর্শন করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। দায়িত্ব নেওয়ার পর তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।
পরিদর্শনকালে চেয়ারম্যান বাজারের বর্তমান ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা দাবি ও সম্ভাবনার কথা তুলে ধরা হলে, তিনি তা গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেন।
তবলছড়ি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপকালে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, “স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে কাজ করা হবে।” বাজারের উন্নয়নে তিনি ব্যবসায়ী সমাজসহ স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশ এবং তবলছড়ি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
<span;>চেয়ারম্যানের এই ঝটিকা ও জনমুখী বাজার পরিদর্শন তবলছড়ি এলাকার ব্যবসায়ী মহলে নতুন আশার সঞ্চার করেছে।




















