খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা জানিয়েছে গুইমারা উপজেলা বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ গুইমারার একটি আবাসিক ছাত্রাবাস পরিদর্শন করেন।
বুধবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফুলের তোঁড়া দিয়ে নবগঠিত পরিষদকে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই বলেন, জেলা পরিষদ জনগণের একটি আস্থার প্রতিষ্ঠান। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে খাগড়াছড়ির প্রতিটি মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। জেলার প্রত্যন্ত অঞ্চলের সমস্যাগুলো চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও যোগ করেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সার্বিক জনকল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের কাজের প্রধান অগ্রাধিকার। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের বড় দায়িত্ব।
সংবর্ধনা পর্ব শেষে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ গুইমারার আবাসিক ছাত্রাবাস পরিদর্শনে যান। সেখানে তারা ছাত্রাবাসের আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক পরিবেশের খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে চেয়ারম্যান তা গুরুত্বসহকারে শুনে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
উক্ত পরিদর্শনে জেলা পরিষদের নবগঠিত সদস্যবৃন্দ, গুইমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















