খাগড়াছড়ির মানিকছড়িতে শুরু হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস আর ক্রীড়াপ্রেমের এক উৎসব। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বেলুন টানিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে।
উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্যারেড, ডিসপ্লে এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আগামী কয়েক দিন ধরে বিভিন্ন ক্যাটাগরিতে এই ক্রীড়া প্রতিযোগিতা ও প্রতিযোগীদের লড়াই চলবে।




















