ঢাকায় থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ধানখেতে পড়ে যায়, আর এতেই প্রাণ হারান রাস্তা পার হওয়া এক নারী।
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। পথে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ এক বৃদ্ধা দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে ধানখেতে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। তবে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বৃদ্ধা ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে, দুপুর পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















